ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ ৬৫ বছরের ব্যক্তি, চলছে তল্লাশি

 


ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ ৬৫ বছরের ব্যক্তি, চলছে তল্লাশি


কালনা, ৮ আগস্ট:

ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ হলেন এক ৬৫ বছরের ব্যক্তি। শনিবার দুপুর পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কালনা থানার পিয়ারীনগর এলাকায়।


নিখোঁজ ব্যক্তির নাম রামপ্রসাদ ঘোষ (৬৫)। তাঁর বাড়ি কালনা থানার অন্তর্গত আটঘরিয়া সিমলন পঞ্চায়েতের সূর্যপুর এলাকায়। পরিবারের সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে স্নান করতে বেরিয়েছিলেন তিনি। পরে পিয়ারীনগর জেবিএম ইটভাটার ঘাটে ভাগীরথী নদীতে স্নান করতে নামেন।


স্থানীয় সূত্রে জানা যায়, স্নান করার সময় আচমকাই জলের স্রোতে তলিয়ে যেতে থাকেন রামপ্রসাদবাবু। কিছুক্ষণ ভাসতে ভাসতে তিনি পিয়ারীনগর ফেরিঘাট সংলগ্ন এলাকায় চলে যান। সেখানে উপস্থিত মাঝিরা বাঁশ ফেলে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই পানার মধ্যে তলিয়ে যান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। তাঁদের পাশাপাশি পুলিশও তল্লাশি শুরু করেছে। শনিবার দুপুর ৩টে পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনও সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের ছেলে জানান, তাঁর বাবা সাইকেল নিয়ে বাড়ি থেকে স্নান করতে পিয়ারীনগর জেবিএম ইটভাটার ঘাটে গিয়েছিলেন। সেখানেই আচমকা নদীর জলে তলিয়ে যান তিনি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কালনা থানার আইসি, ধাত্রীগ্রাম ফাঁড়ির আইসি-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। নদীতে তল্লাশি চালিয়ে রামপ্রসাদ ঘোষের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ভিড় করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url