পথ নিরাপত্তা সপ্তাহে ফুটবল ফাইনাল, ট্রাইবেকারে রঘুনাথগঞ্জ থানার জয়

 


পথ নিরাপত্তা সপ্তাহে ফুটবল ফাইনাল, ট্রাইবেকারে রঘুনাথগঞ্জ থানার জয়


জঙ্গিপুর, ৯ আগস্ট: পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে অনুষ্ঠিত হল জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ। রবিবার ম্যাকেঞ্জি পার্ক ময়দানে ফাইনালে মুখোমুখি হয় রঘুনাথগঞ্জ থানা ও ফরাক্কা থানা। শুরু থেকেই দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে না পারায় শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইবেকারে। সেখানেই ফরাক্কা থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রঘুনাথগঞ্জ থানা।


ফাইনাল ম্যাচ ঘিরে ম্যাকেঞ্জি পার্ক ময়দানে ছিল উৎসবের আবহ। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার, ডিএসপি-সহ বিভিন্ন থানার আধিকারিকরা। পাশাপাশি সাধারণ দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মাঠের চারপাশে ভিড় করে খেলা উপভোগ করেন এলাকার অসংখ্য মানুষ।


খেলা শেষে বিজয়ী রঘুনাথগঞ্জ থানার হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার। পথ নিরাপত্তা সপ্তাহকে ঘিরে পুলিশের এই উদ্যোগে খেলাধুলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপদে চলাচলের বার্তাও তুলে ধরা হয়।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, গাড়ি চালানোর সময় প্রত্যেকেরই ট্রাফিক আইন মেনে চলা উচিত। বাইকে দুজন থাকলে দুজনেরই হেলমেট পরা জরুরি। বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোনোর সময় পরিবারের সদস্যরা যে নিরাপদে বাড়ি ফেরার অপেক্ষায় থাকেন, সেই কথাও মনে রাখতে হবে। তাই দ্রুতগতিতে বা বেপরোয়াভাবে গাড়ি না চালিয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান তিনি।


পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, নিরাপদে গাড়ি চালান, নিজে নিরাপদ থাকুন এবং পরিবারকেও নিরাপদ রাখুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url