সেভ ড্রাইভ, সেফ লাইফ: হেলমেট পরিয়ে নিরাপদ যাত্রার বার্তা সামসেরগঞ্জ ট্রাফিক পুলিশের
সেভ ড্রাইভ, সেফ লাইফ: হেলমেট পরিয়ে নিরাপদ যাত্রার বার্তা সামসেরগঞ্জ ট্রাফিক পুলিশের
রাজেশ শেখ, জঙ্গিপুর:
পথ দুর্ঘটনা রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক ব্যবহারের বার্তা পৌঁছে দিতে পথ সুরক্ষা সপ্তাহ উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করল জঙ্গিপুর পুলিশ জেলার সামসেরগঞ্জ সাব-ট্রাফিক গার্ড। শুক্রবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ১২ নম্বর জাতীয় সড়কের ডাকবাংলা এলাকায় ‘সেভ ড্রাইভ, সেফ লাইফ’ কর্মসূচির আওতায় বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি ও প্রচার অভিযান অনুষ্ঠিত হয়।
র্যালির মাধ্যমে পথচারী, মোটরযান চালক এবং সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলা, গতি নিয়ন্ত্রণে রাখা এবং সড়কে দায়িত্বশীলভাবে চলাচলের আহ্বান জানানো হয়। পাশাপাশি নিরাপদ যাত্রার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন সচেতনতামূলক বার্তাও প্রচার করা হয়।
কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল হেলমেট সচেতনতা অভিযান। হেলমেট ছাড়া মোটরবাইক চালকদের থামিয়ে তাঁদের সড়ক নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। পরে পুলিশের পক্ষ থেকে অনেকের মাথায় হেলমেট পরিয়ে দিয়ে নিরাপদ যাত্রার বার্তা দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ, ডাকবাংলা সাব-ট্রাফিক গার্ডের ওসি প্রণব রায়-সহ ট্রাফিক গার্ডের অন্যান্য আধিকারিক, পুলিশকর্মী, কনস্টেবল, সিভিক ভলান্টিয়ার এবং টিএইচজি (THG) সদস্যরা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হেলমেট কেবল ট্রাফিক আইন মেনে চলার প্রতীক নয়, দুর্ঘটনার সময় একজন মানুষের প্রাণ বাঁচানোর অন্যতম কার্যকর সুরক্ষা ব্যবস্থা। তাই বাড়ি থেকে বের হওয়ার আগে অবশ্যই হেলমেট ব্যবহার করা, ট্রাফিক আইন মেনে চলা এবং নিজের পাশাপাশি অন্যের জীবন সুরক্ষিত রাখার জন্য সকলের প্রতি আবেদন জানানো হয়েছে।
পুলিশের এই সচেতনতামূলক কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। পথ সুরক্ষা সপ্তাহে এ ধরনের উদ্যোগ দুর্ঘটনা কমাতে এবং নাগরিকদের আরও দায়িত্বশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে পুলিশ।
