সাউন্ড বক্সে লুকিয়ে হিরোইন পাচার, ২৫০ গ্রাম মাদকসহ যুবক গ্রেপ্তার



সাউন্ড বক্সে লুকিয়ে হিরোইন পাচার, ২৫০ গ্রাম মাদকসহ যুবক গ্রেপ্তার


রাজেশ শেখ, জঙ্গিপুর (ফারাক্কা):

সাউন্ড বক্সের ভেতরে কৌশলে লুকিয়ে হিরোইন পাচারের চেষ্টা ভেস্তে দিল ফারাক্কা থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৫০ গ্রাম হিরোইন।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ইমরান মমিন (২০)। তাঁর বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার শেরশাহী এলাকায়।


পুলিশের দাবি, গোপন সূত্রে খবর আসে যে নিউ ফারাক্কা সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা চলছে। খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই যুবককে আটক করে। পরে তার সঙ্গে থাকা একটি সাউন্ড বক্সে তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সাউন্ড বক্সের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ২৫০ গ্রাম হিরোইন উদ্ধার হয়।


পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া হিরোইনের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে। ধৃতকে শুক্রবার বহরমপুর আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।


এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে মাদক আনা হচ্ছিল এবং এর পেছনে কোনো বড় চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ফারাক্কা থানার পুলিশ। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url