জঙ্গিপুর পুরসভার নতুন চেয়ারম্যান সন্তোষ চৌধুরী, অনাস্থার পর সম্পন্ন নির্বাচন

 


জঙ্গিপুর পুরসভার নতুন চেয়ারম্যান সন্তোষ চৌধুরী, অনাস্থার পর সম্পন্ন নির্বাচন


রাজেশ শেখ জঙ্গিপুর: অনাস্থা প্রস্তাবে চেয়ারম্যান পদ শূন্য হওয়ার পর জঙ্গিপুর পুরসভায় সোমবার নতুন চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই নির্বাচনে বর্তমান ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরসভার ২১ জন কাউন্সিলরের মধ্যে ১৪ জন উপস্থিত থেকে ভোট দেন। সদ্য অপসারিত চেয়ারম্যান মফিজুল ইসলাম-সহ কয়েকজন কাউন্সিলর অবশ্য ভোট প্রক্রিয়ায় অংশ নেননি। তাঁদের অনুপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে নানা জল্পনার জন্ম দিলেও, এদিন নির্ধারিত সূচি মেনেই নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচিত হওয়ার পর সন্তোষ চৌধুরী সাংবাদিকদের বলেন, বর্তমানে তাঁরা কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন না। তাঁর দাবি, নির্দল হিসেবেই জঙ্গিপুর পুরসভার প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করা হবে এবং নাগরিক পরিষেবাকেই অগ্রাধিকার দেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি অনাস্থা ভোটে চেয়ারম্যান পদ থেকে মফিজুল ইসলাম অপসারিত হওয়ার পর থেকেই নতুন চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছিল। সোমবারের নির্বাচন সেই অনিশ্চয়তার অবসান ঘটায়। এর মধ্য দিয়ে জঙ্গিপুর পুরসভা নতুন নেতৃত্ব পেল। এখন এই নতুন নেতৃত্ব পুর প্রশাসনে কতটা স্থিতিশীলতা আনতে পারে এবং নাগরিক পরিষেবায় তার কী প্রভাব পড়ে, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url